সরকারি দপ্তরে শৃঙ্খলা জোরদারে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিধিমালা অনুযায়ী—বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ এবং দেরিতে কর্মস্থলে উপস্থিত হওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ করা যাবে না। পবিত্র রমজান মাসে অফিস সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত থাকবে।
দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান—যেমন যুগ্ম সচিব বা সলিসিটরের পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি অফিস ত্যাগের রেজিস্টারে এন্ট্রি ও ডিজিটাল হাজিরা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারী বিধিমালা অমান্য করলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: