[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

ফ্যামিলি কার্ডের আদলে আসছে ‘কৃষক কার্ড’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩৯ পিএম

সংগৃহীত ছবি

টিসিবির ফ্যামিলি কার্ডের মতো দেশের কৃষকদের জন্য নতুন ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে এটি সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) চালু করা হবে। পরবর্তীতে কার্যকারিতা যাচাই করে ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের সব কৃষককে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় নিয়ে আসা।


মন্ত্রী জানান, কৃষক কার্ড বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পাইলট প্রকল্প শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।


কবে থেকে কার্ড বিতরণ শুরু হতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয়। কারণ কার্ড বাস্তবায়নে প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতির বিষয় রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করতে কাজ চলছে।


সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা মধ্যস্বত্বভোগী ছাড়াই প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


জহির উদ্দিন স্বপন আরও বলেন, স্মার্ট প্রযুক্তিনির্ভর এই কার্ড কৃষকদের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপনে সহায়ক হবে। ফলে কৃষকরা যেমন দ্রুত সেবা পাবেন, তেমনি তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কেও সরকার তাৎক্ষণিকভাবে অবহিত হতে পারবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর