আসন্ন ঈদের আগেই রমজান মাসের মধ্যে পরীক্ষামূলক (পাইলট) আকারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে নীতিগত সম্মতি হয়।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, নির্বাচনী অঙ্গীকারে ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ ছিল।
এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, কারা প্রাথমিকভাবে সুবিধা পাবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, কর্মসূচিটি সার্বজনীন করার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ পর্যায়ক্রমে সব শ্রেণির মানুষকে এর আওতায় আনা হবে। তবে বাস্তবায়নের সুবিধার্থে একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে অতিদরিদ্র পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করে পরে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার পর্যন্ত পরিধি বাড়ানোর চিন্তা রয়েছে।
রমজানের মধ্যেই এটি চালু হবে কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে, যেন অন্তত পরীক্ষামূলকভাবে হলেও ঈদের আগে উদ্যোগটি চালু করা যায়।
কার্যক্রমের বিস্তারিত কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এসআর
মন্তব্য করুন: