মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সমাধিতে ফুল দেওয়ার কর্মসূচিতে অংশ নেন। সেখানে তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কড়া নিরাপত্তা ব্যবস্থা
প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
মহাসড়কে নজরদারি বাড়ানো হয় এবং ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি কার্যক্রম চালায়। পুরো এলাকা সিসিটিভির আওতায় রাখা হয়।
দায়িত্বের প্রথম কর্মদিবস
মঙ্গলবার শপথ নেওয়ার পর বুধবারই সচিবালয়ে প্রথম কর্মদিবস শুরু করেন প্রধানমন্ত্রী।
দুপুরে মধ্যাহ্নভোজ এবং বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায়ও উপস্থিত থাকার সূচি রয়েছে। এ উপলক্ষে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে বাড়তি ব্যস্ততা লক্ষ্য করা গেছে। কর্মকর্তারা নতুন সরকারের কার্যক্রম শুরু করতে প্রস্তুতিমূলক কাজ শেষ করেছেন।
এবার প্রচলিত রীতির বাইরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যার সার্বিক সমন্বয় করে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এসআর
মন্তব্য করুন: