[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৬ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ না হতেই দেশের গুরুত্বপূর্ণ তিন মহানগরের সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নির্বাচন কমিশন–এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে আনুষ্ঠানিক চিঠি পাওয়া গেছে। বিষয়টি কমিশনের সভায় উপস্থাপনের প্রক্রিয়া চলছে।


স্থানীয় সরকার বিভাগের সচিব স্বাক্ষরিত পৃথক চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ জুন, ফলে এর পাঁচ বছরের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ১ জুন।

একইভাবে ২০২০ সালের ৩ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ২ জুন। অন্যদিকে, ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা বসে, যার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি।


স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক।

এই বিধান অনুসারেই তিন সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।


এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, ঈদের পর পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অপসারণ করে।

বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর