ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট ২০২৬’ নির্বিঘ্নে সম্পন্ন করতে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি কন্ট্রোল রুম চালু করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচনসংক্রান্ত মাঠপর্যায়ের যেকোনো অভিযোগ বা তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জনসাধারণের জন্য একটি হটলাইন নম্বর- (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে, যার মাধ্যমে সংশ্লিষ্টরা সরাসরি যোগাযোগ করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই পালায় দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সার্বিক তদারকির জন্য প্রতিদিন একজন যুগ্মসচিবকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিটি শিফটে একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়করা দায়িত্বে থাকবেন।
এছাড়া কন্ট্রোল রুমে নিয়োজিত কর্মকর্তারা মাঠপর্যায়ে প্রাপ্ত অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: