দেশব্যাপী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর ঝুঁকি বিশ্লেষণ তুলে ধরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি জানিয়েছেন, সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং প্রায় ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইজিপি।
তিনি বলেন, চিহ্নিত ঝুঁকিপূর্ণ ও মধ্যম ঝুঁকির কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
আইজিপি আরও জানান, এবারের নির্বাচনে নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার করা হবে এবং প্রয়োজনে জেলা পুলিশ সুপাররা ড্রোন ক্যামেরার সহায়তা নেবেন।
নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, সরকার এবারের নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচনে রূপ দিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে সারা দেশে প্রায় ১ লাখ ৮৭ হাজারের বেশি পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রায় ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করছেন।
আইজিপি জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে স্থায়ী ফোর্স থাকবে, কেন্দ্রের আশপাশে মোবাইল টিম টহল দেবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স।
নিজের প্রত্যাশা ব্যক্ত করে আইজিপি বলেন, “আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই—যাতে নির্বাচন হয় শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সবার কাছে গ্রহণযোগ্য। কতটা সফল হতে পেরেছি, তার মূল্যায়ন করবে দেশবাসী।”
এসআর
মন্তব্য করুন: