আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়।
ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ রাখার বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো রাজনৈতিক দল বা প্রার্থী সভা-সমাবেশ, মিছিল, লিফলেট বিতরণ কিংবা গণমাধ্যমে প্রচারণায় অংশ নিতে পারবেন না।
ইসির তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় ৩০০ আসনের পরিবর্তে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ইতোমধ্যে দেশের ৪৯টি জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও রোববারের মধ্যেই ব্যালট সরবরাহ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
ইসির পরিসংখ্যান অনুযায়ী, সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অন্যদিকে সর্বাধিক ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে, যেখানে ভোটারের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
এই নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। দলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন।
ইসির সিনিয়র সচিব জানান, সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এসআর
মন্তব্য করুন: