[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ডিএনসিসির প্রশাসক পদে পরিবর্তন, এজাজের স্থলে সুরাইয়া আক্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৯ এএম

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে পরিবর্তন এনেছে সরকার।

মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন।


প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ২৫ক ধারার উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগসহ সিটি করপোরেশনের সার্বিক দায়িত্ব সামলাবেন।


নতুন প্রশাসক নিজ পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন, এর বাইরে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রযোজ্য হবে না।


উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে, চলতি মাসের ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

এসআর

সম্পর্কিত খবর