[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫১ পিএম

সংগৃহীত ছবি

অমর একুশে বইমেলা–২০২৬ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।

বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। মোট ২৫ দিনব্যাপী এ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বইমেলার শুরুর তারিখসহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানান মেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।

তিনি বলেন, নানা বাস্তবতা ও অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে সর্বসম্মতভাবে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, ভাষাশহিদদের স্মরণে একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এ বইমেলার আয়োজন করে আসছে, যা সময়ের সঙ্গে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে চলতি বছরের প্রেক্ষাপটে পহেলা ফেব্রুয়ারিতে মেলা শুরু করা সম্ভব হয়নি।


সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকাশকদের দাবির কথা বিবেচনা করে এ বছর স্টলভাড়া গত বছরের তুলনায় ২৫ শতাংশ কমানো হয়েছে।

যদিও সার্বিকভাবে বইমেলা আয়োজনের ব্যয় বেড়েছে, তবু প্রকাশকদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে স্টল নির্মাণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে। একই সঙ্গে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচিও চূড়ান্ত করা হয়েছে।


এবার বইমেলায় অংশগ্রহণের জন্য গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন করে বেশ কিছু প্রকাশনা সংস্থা আবেদন করেছে।

স্থান সংকুলানের সীমাবদ্ধতার কারণে পুরোনো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি বড় পরিসরের স্টলের জন্যও আলাদা আবেদন গ্রহণ করা হয়েছে।


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলার প্রস্তুতির কাজ যখন প্রায় ৬০ শতাংশ সম্পন্ন, তখন কয়েকজন প্রকাশক ঈদের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দেন।

তবে এপ্রিল মাসের সম্ভাব্য তাপপ্রবাহ, ঝড় ও বৃষ্টির ঝুঁকি বিবেচনায় ওই সময় বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, পবিত্র রমজান মাসে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় ইফতার, তারাবিহ ও নামাজের সময়সূচি মাথায় রেখে বিশেষ ব্যবস্থাপনা রাখা হচ্ছে।

মেলার সময়সূচি অনুযায়ী, সাধারণ দিনগুলোতে মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। একুশে ফেব্রুয়ারির দিন মেলা শুরু হবে সকাল ৮টায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর