আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসীরা তাদের
ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট পেপার ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসীর ব্যালট দেশে এসে পৌঁছেছে।
গতকাল শুক্রবার রাতে প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রবাসীদের ভোটদানের পরিসংখ্যান:
ব্যালট পাঠানো হয়েছে: ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি।
ব্যালট গ্রহণ করেছেন: ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী।
ভোট প্রদান সম্পন্ন: ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন।
ডাকবাক্সে জমা পড়েছে: ৪ লাখ ৬ হাজার ৫৬৪টি ব্যালট।
অভ্যন্তরীণ পোস্টাল ভোটের চিত্র:
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে:
অভ্যন্তরীণভাবে ২ লাখ ৬৯ হাজার নিবন্ধিত ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেল পর্যন্ত ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
এর মধ্যে ২ হাজার ৪২২ জন ভোটদান শেষ করেছেন এবং ১ হাজার ১৪৯ জন তাদের ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন।
মোট নিবন্ধিত ভোটার:
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার সফলভাবে নিবন্ধন করেছেন।
শৃঙ্খলার সাথে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট আদান-প্রদান অব্যাহত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: