[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আসছে ১৬ দেশের প্রতিনিধি

মোঃ আনিছুর রহমান

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ১৬টি দেশ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

এসব দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপাক্ষিক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

এর বাইরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক গণতান্ত্রিক ও মানবাধিকার সংস্থার শতাধিক প্রতিনিধি নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে যুক্ত থাকবেন।

দেশভিত্তিক পর্যবেক্ষকের সংখ্যায় শীর্ষে রয়েছে মালয়েশিয়া। দেশটি থেকে ১৪ জন পর্যবেক্ষক আসছেন, যাদের নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে তুরস্ক। তাদের প্রতিনিধিদলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে নিযুক্ত সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এই দলে দেশটির সংসদ সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন, ভুটান ও মালদ্বীপ থেকে ২ জন করে, শ্রীলঙ্কা থেকে ১ জন, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং ইরান ও উজবেকিস্তান থেকে ১ জন করে পর্যবেক্ষক আসবেন।

উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

নির্বাচন পর্যবেক্ষক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০ জন পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। অদূর ভবিষ্যতে আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সম্মতি জানাতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো। এ দলে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজিও অন্তর্ভুক্ত রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। তার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের অন্তত সাতজন সদস্য এই মিশনে যুক্ত থাকবেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ৫০টির বেশি রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর