নরসিংদীর পাঁচদোনায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন অন্তত ১০ জন সাংবাদিক।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অপরাধবিষয়ক প্রতিবেদক বলে জানা গেছে।
আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন - বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর স্টাফ লাল মিয়াসহ আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্র্যাবের সদস্যরা সোমবার ঢাকায় থেকে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে আয়োজন করেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার সময় মহাসড়কের পাশে রাখা গাড়িতে ওঠার মুহূর্তে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে।
সাংবাদিকরা এতে আপত্তি জানালে সন্ত্রাসীরা তাদের এবং সঙ্গে থাকা পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে নারী ও শিশুরাও আতঙ্কিত হয়ে পড়ে।
হামলায় আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টেলিভিশনের হেড অব নিউজ এম এম বাদশা জানান, ফ্যামিলি ডে শেষে ফেরার পথে আমাদের গাড়ি আটকে চাঁদা দাবি করা হয়। প্রতিবাদ করতেই হামলা চালানো হয়।
এতে আমাদের সঙ্গে থাকা পরিবার-পরিজন চরম আতঙ্কে পড়ে যায়।
এদিকে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআর
মন্তব্য করুন: