দেশের সুতা উৎপাদনকারী শিল্প রক্ষায় কার্যকর সরকারি উদ্যোগের অভাবের অভিযোগ তুলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হবে। বর্তমান পরিস্থিতিতে মিল মালিকদের পক্ষে ব্যাংকঋণ পরিশোধ করাও সম্ভব নয় বলে জানান তিনি।
শিল্প মালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে বিটিএমএ সভাপতি বলেন, দীর্ঘদিনের লোকসানে তাদের মূলধন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এমনকি সব সম্পদ বিক্রি করলেও ব্যাংকের দেনা পরিশোধ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
সমস্যা নিরসনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে বারবার যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ধর্না দিয়েও আশানুরূপ সাড়া মেলেনি।
আমলাতান্ত্রিক জটিলতার সমালোচনা করে তিনি আরও বলেন, এক দপ্তর থেকে আরেক দপ্তরে দায়িত্ব ঠেলে দেওয়ার প্রবণতার কারণে সংকট নিরসনে কোনো অগ্রগতি হয়নি।
এসআর
মন্তব্য করুন: