রাজধানীর লালমাটিয়ায় একটি সুসজ্জিত ফ্ল্যাটের পাশাপাশি জীবন-জীবিকা নির্বাহের জন্য
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে মোট ২ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সহায়তার বিস্তারিত বিবরণ
হাদির পরিবারের সহায়তায় বরাদ্দকৃত অর্থ দুটি ভিন্ন উৎস থেকে প্রদান করা হবে:
ফ্ল্যাট ক্রয়ের জন্য বরাদ্দ: অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে, যা রাজধানীর লালমাটিয়ার সরকারি ‘দোয়েল টাওয়ারে’ ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও তা সুসজ্জিত করার কাজে ব্যয় হবে।
জীবন-জীবিকা নির্বাহের জন্য অনুদান: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আরও এক কোটি টাকা প্রদান করা হবে হাদির পরিবারকে।
প্রশাসনিক প্রক্রিয়া ও শর্তাবলি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে অর্থ বিভাগ এই অনুদান প্রস্তাব অনুমোদন করেছে। বরাদ্দের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে:
১. হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার পর এই অর্থ প্রদান করা হবে।
২. গৃহায়ন মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের (২০২৫–২৬) সংশোধিত বাজেটে এই ব্যয়ের প্রতিফলন থাকতে হবে।
৩. প্রচলিত সকল আর্থিক বিধি-বিধান মেনে ৩০ জুনের মধ্যে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
উল্লেখ্য, এর আগে শরীফ ওসমান বিন হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: