[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

ঢাকা জেলায় ২৭ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার, মাঠে লড়ছেন ১৩৫ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১:৩৮ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

 একই দিনে গণভোটও আয়োজিত হচ্ছে। 

এই নির্বাচনে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নির্ধারিত সময়ের মধ্যে ২৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় ঢাকার আসনগুলোতে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৫ জন।


মঙ্গলবার (২০ জানুয়ারি) সারাদিন ধরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা জেলা প্রশাসকের নির্বাচন অফিস এবং ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়।


নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার দপ্তরসহ তিনটি নির্বাচনী কার্যালয় মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী লিখিতভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।


প্রার্থিতা প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন—ঢাকা-১৮ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী বিলকিস নাসিমা রহমান, ঢাকা-৫ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোখলেছুর রহমান কাছেমী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. লুৎফুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এস এম শাহরিয়া এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নায়ু মুন্সী।


এছাড়া ঢাকা-৬ আসনে এবি পার্টির গাজী নাসির, ঢাকা-৭ আসনে এনসিপির তারেক আহমেদ আদেল, ঢাকা-৯ আসনে খেলাফত মজলিসের মো. ফয়েজ বখশ সরকার ও জামায়াতে ইসলামীর কবির আহমদ মনোনয়ন প্রত্যাহার করেন।


ঢাকা-১০ আসনে খেলাফত মজলিসের আহমদ আলী ও জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ঢাকা-১২ আসনে বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঢাকা-১৬ আসনে খেলাফত মজলিসের আহসানউল্লাহ ও মো. রিফাত হোসেন মালিক, ঢাকা-১৭ আসনে মো. এমদাদুল হক, এবং ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হকসহ আরও কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।


ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-১৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন এবং ঢাকা-১৫ আসনে গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেছেন।


অন্যদিকে, ঢাকা জেলা প্রশাসকের নির্বাচন অফিস থেকে ঢাকা-১ আসনে খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, ঢাকা-১৯ আসনে এ কে এম এনামুল হক এবং ঢাকা-২০ আসনে জামায়াতে ইসলামীর আব্দুর রউফ প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।


নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।


উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, বৈধ প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে স্বাক্ষরিত লিখিত আবেদনের মাধ্যমে নিজে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন।

একই আসনে একাধিক প্রার্থী থাকলে সংশ্লিষ্ট দলের কেন্দ্রীয় নেতৃত্বকে চূড়ান্ত প্রার্থী বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করার বিধান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর