[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

ভিটামিন ডি ঘাটতি মোকাবিলায় ভোজ্যতেল সমৃদ্ধকরণের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ভিটামিন ‘ডি’-এর অভাবে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয় বয়সের মানুষের মধ্যে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই ঘাটতির কারণে মাতৃত্বকালীন জটিলতা, নবজাতকের স্বাস্থ্য সমস্যা ছাড়াও হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের আশঙ্কা বাড়ছে। বর্তমানে শহর ও গ্রাম—উভয় পর্যায়েই বাংলাদেশের মানুষের মধ্যে ভিটামিন ‘ডি’-এর ঘাটতি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এ প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে জনস্বাস্থ্যভিত্তিক উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে, যার অংশ হিসেবে ভোজ্যতেলে ভিটামিন ‘ডি’ সংযোজনের দাবি জোরালো হচ্ছে।


এই বিষয়টি সামনে রেখে  প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ভোজ্যতেলে ভিটামিন ডি সংযোজন: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজনটি হয় দৈনিক যুগান্তর কার্যালয়ে।


গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা ভোজ্যতেলের সঙ্গে ভিটামিন ‘ডি’ যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


স্বাস্থ্য সচিব বলেন, আলোচ্য বিষয়টি শুধু ভিটামিন ‘ডি’ নয়, বরং সামগ্রিক খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সবার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কোনো উদ্যোগ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা বড় বাধা হয়ে দাঁড়ায়। কাজ করতে হলে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে।


ভিটামিন ‘ডি’ পরীক্ষার সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে সর্বত্র এই পরীক্ষা করা সম্ভব নয় এবং পরীক্ষার খরচও অনেকের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। লবণে আয়োডিন সংযোজনের উদাহরণ টেনে তিনি বলেন, শুরুতে চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় তা সফল হয়েছে। একইভাবে ভোজ্যতেলেও ভিটামিন ‘ডি’ যুক্ত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।
দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, একসময় লবণে আয়োডিন সংযোজন নিয়েও নানা সংশয় ছিল, কিন্তু এর সুফল দেশবাসী পেয়েছে। একইভাবে ভোজ্যতেলে ভিটামিন ‘ডি’ যুক্ত করা গেলে জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়বে।


আইসিডিডিআরবি-এর নির্বাহী পরিচালক অধ্যাপক তাহমিদ আহমেদ বলেন, গত এক দশকের বেশি সময়ে দেশে ভিটামিন ‘ডি’-এর পর্যাপ্ততা উল্লেখযোগ্যভাবে কমেছে। শিশুদের মধ্যে এই ঘাটতি প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি দেখা যাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্যাটিও বাড়ছে।


তিনি আরও জানান, গবেষণায় দেখা গেছে শহর ও গ্রাম উভয় এলাকাতেই খাদ্য থেকে পর্যাপ্ত ভিটামিন ‘ডি’ পাওয়া যাচ্ছে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘাটতির ঝুঁকিও বৃদ্ধি পায়। সূর্যের আলো থেকে উপকার পেতে হলে অন্তত ১৫ মিনিট খোলা জায়গায় অবস্থান করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।


অধ্যাপক তাহমিদ আহমেদ বায়ুদূষণের কারণে সূর্যালোকের কার্যকারিতা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের স্বাস্থ্য পাতার সহ-সম্পাদক ডা. ফাহিম আহমেদ রুপম। এতে আরও উপস্থিত ছিলেন যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীনসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর