[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, বিএনপিকে দেওয়া হচ্ছে ১০টি বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ৭:১৬ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

একই সঙ্গে নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। তবে বিশেষ ট্রেন চলাচলের সুবিধার্থে ২৫ ডিসেম্বর নিয়মিত চলাচলকারী তিনটি ট্রেনের যাত্রা এক দিনের জন্য বাতিল করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন অঞ্চল থেকে দলের নেতাকর্মীদের ঢাকায় আনা–নেওয়ার জন্য ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি চাহিদার ভিত্তিতে একাধিক নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
বিশেষ ট্রেন পরিচালনার কারণে স্বল্প দূরত্বের তিনটি নিয়মিত ট্রেন—রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী)—২৫ ডিসেম্বর এক দিনের জন্য চলাচল বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট যাত্রীদের কাছে রেলপথ মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির চাহিদার ভিত্তিতে কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর, পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর রুটে বিশেষ ট্রেন পরিচালিত হবে।
এ ছাড়া নিয়মিত চলাচলকারী ট্রেনগুলোতেও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ পরিচালনার মাধ্যমে রেলওয়ের আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে। একই সঙ্গে বিশেষ ট্রেন ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি-২০২৫ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর