[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পে স্কেল আদায়ের কর্মসূচি স্থগিত, শিগগিরই নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ৪:২৩ এএম

সংগৃহীত ছবি

নতুন বেতন কাঠামো (পে স্কেল) নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় রয়েছেন সরকারি কর্মচারী ও শিক্ষকরা।

বারবার আলোচনা, কমিশন গঠন এবং আশ্বাসের পরও এখনো পে স্কেল প্রকাশ না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
এমন পরিস্থিতিতে পূর্বঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং দেশের বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা থাকলেও, তা পরিবর্তন করে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের নেতারা বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। একই সঙ্গে ১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা গেলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
শহীদ ওসমান হাদির অবদান স্মরণ করে বক্তারা বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর