[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ এএম

সংগৃহীত ছবি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে শাহেদকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার বাবু রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে শুনানি করেন। উভয়পক্ষের যুক্তি গ্রহণ করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে গুলশান থানাধীন ডা. ফজলে রাব্বী পার্ক সংলগ্ন সেতুর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এসময় তারা রাষ্ট্র অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দেন, গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান এবং জনমনে ভীতি সৃষ্টি করেন। ঘটনার পরদিন গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।

উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর রাজধানীর গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন।

এসআর

সম্পর্কিত খবর