[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের সংশ্লিষ্টতা, চার্জশিট আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ৪:০২ এএম

সংগৃহীত ছবি

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্তে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।

তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) আজই দাখিল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এক আদেশে মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। যদিও নির্ধারিত সময়ের আগেই তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রক্রিয়াধীন প্রথম মামলা। এটি দায়ের করা হয় চলতি বছরের ২ মার্চ।

গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এরপর তার মৃত্যু দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তৈরি হয় নতুন রাজনৈতিক প্রেক্ষাপট।

তবে প্রথম শহীদের মামলা দায়েরে বিলম্ব নিয়ে প্রশ্ন উঠলে সেই সময়ের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তদন্ত অনেক আগেই শুরু হয়েছিল এবং প্রায় শেষ পর্যায়ে ছিল, তাই আনুষ্ঠানিক মামলা কিছুটা পরে দায়ের হয়।

প্রসঙ্গত, সরকার চলতি বছর ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। 

এসআর

সম্পর্কিত খবর