[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনও রাসেল বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৫ ৭:০৫ এএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে বদলি করেছে সরকার।

সোমবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সম্প্রতি সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ইউএনও রাসেল। ঘটনার রেশ না কাটতেই তাকে রংপুর বিভাগে নতুন কর্মস্থলে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন কর্মস্থলে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাকে দণ্ডবিধির ১৪৪ ধারায় ক্ষমতা দেওয়া হয়েছে।

জানা যায়, কালের কণ্ঠের তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু তালা উপজেলার কয়েকটি ইউনিয়নে দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন।

এর জের ধরেই ২১ এপ্রিল ইউএনও রাসেল তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

টানা আন্দোলনের পর গত ২৪ এপ্রিল বিকেল ৩টা ৪৫ মিনিটে টিপু সাতক্ষীরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

এদিকে, ইউএনওর সমর্থনে স্থানীয় রাজনৈতিক কর্মী ও ঠিকাদাররা ২৭ এপ্রিল মানববন্ধন করায় নতুন করে বিতর্কের জন্ম হয়।

সাংবাদিক নেতারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “একজন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে শাস্তি দেওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে। 

এসআর

সম্পর্কিত খবর