[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

অপরাধ নিয়ন্ত্রণে ম্যাজিক নয়, নিরলস প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ৬:২৪ এএম

ফাইল ছবি

সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাহিনী।

ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিবালয়ে অগ্নিকাণ্ড প্রসঙ্গে আইজিপি বলেন, “আগুনের ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটি শিগগিরই বিস্তারিত প্রতিবেদন দেবে।

এছাড়া বিভিন্ন সমন্বয়কদের হুমকির বিষয়গুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো গুরুতর বিষয় পাওয়া যায়নি।”

আইজিপি আরও বলেন, “অপরাধ দমনে পুলিশ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। ঢাকাসহ দেশের সব পুলিশ সুপারকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন করা কঠিন। বিশেষ করে ছাত্র সমাজের সাহায্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “স্বাধীনতার পর জনগণ এমন একটি পুলিশ বাহিনী চায়নি, যাদের প্রতি আস্থা কমে যায়। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।”

তিনি আরও বলেন, “মানুষের ক্ষোভ কেন পুলিশের প্রতি এত বেশি, তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। ৫ আগস্টের ঘটনার ৭২ ঘণ্টা আগেও যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যেত, তাহলে এত প্রাণহানি এড়ানো সম্ভব হতো।”

সভায় পুলিশের কার্যক্রমের উন্নতি এবং জনআস্থার পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

 

এসআর

সম্পর্কিত খবর