[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

শাপলা চত্বর গণহত্যা মামলা: ইনু-দীপু মনিসহ ১০ আসামি ট্রাইব্যুনালে, শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ১১:৫৩ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার

 ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে মামলার আরেক আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান কারাগার থেকেই ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হবেন।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

​ট্রাইব্যুনালে হাজির হওয়া অন্যান্য আসামি

আদালতে উপস্থিত করা অপর আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির এমডি মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

​উল্লেখ্য, এর আগে ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত থাকলেও সাবেক আইজিপি শহীদুল হকের অসুস্থতার কারণে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়েছিল।

​পলাতক আসামি ও মামলার প্রেক্ষাপট

এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক থাকা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা।

​গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঠিকানায় খুঁজে না পেয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দিলে ১৬ সেপ্টেম্বর ওই ৩০ আসামিকে পলাতক দেখিয়ে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।

​আনীত অভিযোগসমূহ

মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের বিষয়টি তুলে ধরা হয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর