দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুলকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে নজরুল ইসলামের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। ডিবির তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সালাউদ্দিন রিমান্ডের আবেদনটি করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, এর আগে চার দিনের রিমান্ডে নিয়ে নজরুল ইসলামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি মামলার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, নিহত মরিয়মের পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক নানা বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে থাকতে পারে বলেও তদন্তকারীদের ধারণা। মামলাটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হওয়ায় প্রকৃত ঘটনা উদঘাটন এবং তদন্ত এগিয়ে নিতে আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সে সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুটও পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। পরে রাতেই নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এসআর