দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলা ও শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, সে বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ
দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ এই আদেশ প্রদান করেন।
জারিকৃত রুলে দেশে হামের প্রাদুর্ভাবের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং আইইডিসিআরের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কেন গঠন করা হবে না এবং আক্রান্ত হয়ে মৃত শিশুদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও আইইডিসিআরের পরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ১০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ৪৭৫টি শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে ৭৭ জন এবং হামের উপসর্গ নিয়ে ৩৯৮ জন শিশু মারা গেছে।
এসআর