[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪ ৪:৩০ এএম

ফাইল ছবি

আগামী তিন দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজী’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু।

তথ্য অনুযায়ী, ঢাকার সড়কে অবৈধভাবে চলাচল করছে প্রায় ৮ লাখ ব্যাটারিচালিত রিকশা। যদিও প্রধান সড়কে এসব রিকশার চলাচলের অনুমতি নেই, তবুও তারা অবাধে চলাচল করছে। গত দু'মাসে এক লাখেরও বেশি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও তাদের দৌরাত্ম্য বন্ধ হয়নি।

চলতি বছরের ১৫ মে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় ব্যাটারিচালিত রিকশা সড়ক থেকে বন্ধ করার ঘোষণা দেয়। তবে রিকশাচালকরা আন্দোলন শুরু করলে পাঁচদিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিকশা চলাচলের অনুমতি দেন। কিন্তু এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মূল সড়কেও রিকশা চলাচল শুরু হয়।

অতিরিক্ত সড়ক দুর্ঘটনা ও যানজটের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মতে, বর্তমানে ঢাকা সড়কে প্রায় ৮ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে।

এদিকে, সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সেপ্টেম্বর মাসে ৫০ হাজার এবং অক্টোবর মাসে ৬৬ হাজার রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পুলিশ এসব রিকশার ব্যাটারি জব্দ করে নিলামেও তোলার ব্যবস্থা করেছে।

 

এসআর

সম্পর্কিত খবর