[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শিক্ষিকা রুনা হত্যা: প্রধান আসামির ২ দিনের রিমান্ড

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৪ পিএম

প্রধান আসামী ফজলুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের মূল আসামি ফজলুর রহমানকে দুই দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সাইদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তদন্তের স্বার্থে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।


থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত প্রধান আসামি ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শুরুতে সাত দিনের রিমান্ড আবেদন করে।

তবে আদালত আবেদন আংশিক মঞ্জুর করে দুই দিনের রিমান্ড অনুমোদন দেন। নির্ধারিত সময়ের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।


উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতির দপ্তরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দিনমজুর কর্মচারী ফজলুর রহমানকে উদ্ধার করা হয়।

পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা শেষে ফজলুর রহমানকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এ ঘটনায় দায়ের করা মামলার আরও তিন আসামি-সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস—এখনও পলাতক রয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর