ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান
মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ আশাও শেষ হয়ে গেল। প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো আইনি সুযোগ থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন। আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে, বিরোধীপক্ষ হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
অভিযোগ: মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন ওই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
ইসির সিদ্ধান্ত: অভিযোগের সত্যতা পেয়ে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
হাইকোর্টের রায়: ইসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিএনপি প্রার্থী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে তিনি আপিল বিভাগের দ্বারস্থ হন।
আজ আপিল বিভাগেও তার আবেদন খারিজ হওয়ায় চূড়ান্তভাবে প্রার্থিতা হারালেন এই বিএনপি নেতা। এর ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির কোনো দলীয় প্রার্থী বর্তমান নির্বাচনি লড়াইয়ে আর থাকছেন না।
এসআর
মন্তব্য করুন: