দুর্নীতিসংক্রান্ত অভিযোগের পর সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের তথ্য সামনে এসেছে।
আদালতের আদেশে তার নামে থাকা মোট আটটি ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এসব হিসাবে বর্তমানে প্রায় ৭ কোটি ৫২ লাখ টাকার মতো অর্থ জমা রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ সংক্রান্ত আদেশ দেন। আদালত সূত্র জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ বিষয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে আবেদনে উল্লেখ করা হয়, আমির হোসেন আমু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ পাচার ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিংয়ের প্রাথমিক আলামত পাওয়া গেছে। অনুসন্ধানে তার নামে বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাবের সন্ধান মেলে।
এছাড়া এসব হিসাবে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অর্থের উৎস গোপন করার চেষ্টা করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত হিসাবগুলো অবরুদ্ধ রাখার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: