[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

ইন্টারনেট বন্ধ রেখে হত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ২:৪৭ পিএম

সংগৃহীত ছবি

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করেন।

একই সঙ্গে প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়।
এদিন অভিযোগ গঠনের শুনানিতে গ্রেপ্তারকৃত আসামি জুনাইদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অন্যদিকে পলাতক দেখিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিচার কার্যক্রম চালানোর আদেশ দেন আদালত।


শুনানিকালে পলকের পক্ষে অব্যাহতির আবেদন উপস্থাপন করেন আইনজীবী লিটন আহমেদ।

জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন মনজুর আলম। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল অব্যাহতির আবেদন নামঞ্জুর করে দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন।


এর আগে গত ১১ জানুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তিনটি অভিযোগ পাঠ করেন এবং দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান।


অভিযোগে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন জুনাইদ আহমেদ পলক।

এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা হামলা চালায়।


আরও অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময় ইন্টারনেট বন্ধ রেখে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেওয়া হয়, যার মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন আসামিরা। এতে রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন নিহত হন।


তৃতীয় অভিযোগে বলা হয়, উত্তরায় সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডেও আসামিরা সহযোগী ভূমিকা পালন করেন।


উল্লেখ্য, এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

পরবর্তীতে ১০ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন আদালত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর