বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে
হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই প্রথম মামলার রায় হতে যাচ্ছে।
বিচারিক প্যানেল ও কার্যক্রম
মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে প্রসিকিউশন পক্ষ নিশ্চিত করেছে।
মামলার আসামি ও বর্তমান অবস্থা
এই মামলায় মোট আসামি আটজন। তাদের মধ্যে চারজন গ্রেপ্তার এবং চারজন পলাতক রয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন: শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
পলাতক আসামিরা হলেন: ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক এসি মোহাম্মদ ইমরুল।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। এর মধ্যে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং শহীদদের পরিবারের সদস্যরা রয়েছেন। মোট ২৩ কার্যদিবসে সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা হয়। প্রসিকিউশন পক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে, অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে খালাস প্রার্থনা করেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিবর্ষণে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাইতেই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
এসআর
মন্তব্য করুন: