আগামী পাঁচ বছরে সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার।
এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সময়ভিত্তিক একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে।
মঙ্গলবার সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয় তুলে ধরেন।
মন্ত্রী বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি এসব পদে নিয়োগ সম্পন্ন করতে ধাপে ধাপে সময়সূচিভিত্তিক পরিকল্পনা চাওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব প্রসঙ্গে তিনি জানান, সরকারের সমন্বিত উদ্যোগের কারণে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে এবং ভোক্তা পর্যায়ে তেলের সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দেয়নি।
তিনি আরও বলেন, জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে সারাদেশে প্রায় ৩ লাখ ৮৭ হাজারের বেশি যানবাহন এই ব্যবস্থার আওতায় নিবন্ধিত হয়েছে। একই সঙ্গে ২২৩টি ফিলিং স্টেশন ফুয়েল পাস সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে।
সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, দ্বিতীয় ইউনিট স্থাপনের কাজ এগিয়ে চলছে এবং ২০২৯ সালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পের জন্য আগামী মাসে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
এ ছাড়া পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস আমদানিকে উৎসাহ দিতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এসব বাস আমদানি করতে পারে, সে বিষয়ে কাজ চলছে। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে যানজট ও পরিবেশ দূষণ হ্রাস পাবে বলে মনে করছে সরকার।
গণপরিবহনে শুল্কমুক্ত সুবিধার আওতায় কী ধরনের বাস আনা যাবে, সে বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।
এসআর