[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৫ ৯:০৪ এএম

ফাইল  ছবি

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে পুরনো ও অকার্যকর গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য এবং নয়জন বেসামরিক নাগরিক রয়েছেন। সোমবার (১২ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা বাহিনী (টিএনআই) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে গারুত জেলার সাগারা গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন সেনাবাহিনীর একটি ইউনিট পুরনো গোলাবারুদ ধ্বংসের কাজ করছিল।

টিএনআই-এর তথ্য দপ্তরের প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি বলেন, “ময়নাতদন্ত এবং আনুষঙ্গিক প্রক্রিয়ার জন্য নিহতদের মরদেহ পামেউংপেউক আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, দ্বিতীয় বিস্ফোরণ এড়াতে পুরো এলাকাটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত চার সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হয়েছে:

  • কর্নেল অ্যান্টোনিয়াস হারমাওয়ান
  • মেজর আন্দা রোহান্দা
  • সেকেন্ড করপোরাল ইরি দ্বি প্রিয়ামবোডো
  • ফার্স্ট প্রাইভেট আফ্রিও সেতিয়াওয়ান

বেসামরিক নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে: আগুস বিন কাসমিন, পিয়ান বিন ওবুর, ইইউস ইবিং বিন ইনোন, আনোয়ার বিন ইনোন এবং ইইউস রিজাল বিন সাইফুল্লাহ। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, যেখানে বিস্ফোরণটি ঘটেছে, সেটি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অধিদপ্তরের আওতাভুক্ত এলাকা। এই স্থানটিতে নিয়মিত পুরনো গোলাবারুদ ধ্বংসের কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার দিন ব্যবহৃত গোলাবারুদগুলো সেনাবাহিনীর পুসপালাদ ডিপো নম্বর ৩ থেকে আনা হয়েছিল।

এ ঘটনায় ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা দপ্তর ও স্থানীয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর