[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দাগেস্তানে বন্দুকধারীদের গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৫ ১২:৪৪ পিএম

ফাইল  ছবি

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রজাতন্ত্রে বন্দুকধারীদের হামলায় তিনজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (৫ মে) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাতনামা বন্দুকধারীরা পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলিতে একজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া কিছু অযাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, রাস্তায় পড়ে আছে পুলিশের মরদেহ এবং কাছেই একটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। কিছু পথচারী ঘটনাস্থলে থেমে পড়লে দূর থেকে গুলির শব্দ শোনা যায়।
অন্য একটি ভিডিওতে কালো পোশাক পরা এক বন্দুকধারীকে রাস্তায় গুলি চালাতে চালাতে পালাতে দেখা গেছে।

একাধিক টেলিগ্রাম চ্যানেল কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাদেরই হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।

প্রধানত মুসলিম-অধ্যুষিত দাগেস্তান অঞ্চলটি বিগত কয়েক বছর ধরে বারবার জঙ্গি হামলার শিকার হয়ে আসছে। চলতি বছরের মার্চ মাসে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট চারজন সন্ত্রাসীকে সন্ত্রাসবিরোধী অভিযানে হত্যা করে নিরাপত্তা বাহিনী। সেই সময় বলা হয়েছিল, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শাখায় হামলার পরিকল্পনা করছিল।

এসআর

সম্পর্কিত খবর