[email protected] শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, প্রাণ গেল ১৩ সেনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ ৩:৩৯ পিএম

সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি সামরিক স্থাপনায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ ঘটনা ঘটে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ভারী অস্ত্রে সজ্জিত একদল হামলাকারী সেনা ক্যাম্পটিতে আক্রমণ চালায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, হামলায় ১৩ সেনা নিহত ও ২০ জন আহত হয়েছেন।

এ সময় সেনাবাহিনীর পালটা প্রতিরোধে হামলাকারীদের কয়েকজন নিহত হয়। পাশাপাশি তাদের রসদ ও সামরিক সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে হামলার পর পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে কয়েকজন বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হামলাটি শুরু হয়। গ্রিনিচ মান সময় অনুযায়ী তখন ভোর ৪টা বাজে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর