[email protected] রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গার পানি বণ্টন নিয়ে কাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ১১:৩৬ পিএম

সংগৃহীত ছবি

গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ এবং পানি বণ্টনসংক্রান্ত তথ্য বিনিময়ের লক্ষ্যে আগামীকাল ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।

তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়টি এবারের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে কমিশন।

এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় দুই দেশের মধ্যে গঙ্গার পানিপ্রবাহ ও বণ্টনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির আওতায় এটিই দুই দেশের মধ্যে শেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গঙ্গার উজানে ভারতের বিভিন্ন বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের প্রভাব নিয়ে বাংলাদেশের উদ্বেগ দীর্ঘদিনের। বিশেষ করে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭৭ সালে। ওই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি প্রাপ্তির বিধান ছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দুই দেশ ৩০ বছর মেয়াদি নতুন চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সময়ে ১০ দিন পরপর পানি বণ্টনের হিসাব নির্ধারণ করা হয়। নির্দিষ্ট পরিস্থিতিতে দুই দেশের মধ্যে ৩৫ হাজার কিউসেক করে পানি বণ্টনের বিধানও রয়েছে।

আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। এ অবস্থায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন চুক্তি নবায়ন বা নতুন সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

এদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম প্রধান দাবি হচ্ছে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা।

শুধু পানি বণ্টনের নিয়ম নির্ধারণ নয়, বরং বাংলাদেশ যাতে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পায়, তা নিশ্চিত করতে বাধ্যতামূলক নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ অন্তর্ভুক্ত করার পক্ষে মত রয়েছে সংশ্লিষ্ট মহলের।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর