উন্নত জীবনের আশায় স্পেনের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীবাহী একটি নৌকা আটলান্টিক মহাসাগরে ডুবে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সেনেগালের সরকারি সংবাদ সংস্থা এপিএসের তথ্য অনুযায়ী, রাজধানী ডাকারের প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে বেমের বিভাগের লুমপুল উপকূলের কাছাকাছি নৌকাটি ডুবে যায়। ছোট কাঠের নৌকাটিতে থাকা অভিবাসীরা উত্তর সেনেগালের সেন্ট-লুই থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে দুর্ঘটনাস্থল থেকে ২১ জনের মরদেহ উদ্ধারের খবর জানায়। পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে আরও ১৮ জনের মরদেহ পাওয়া যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে দাঁড়িয়েছে।
মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপও (এডিএইচএ) হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।
সেনেগালের অভিবাসীবিষয়ক সংগঠন বোজা ফি-এর প্রতিষ্ঠাতা সালিউ দিয়ুফ জানান, নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর বেশির ভাগই সেনেগালের নাগরিক বলে জানান তিনি।
এ ঘটনায় শোক জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি নিখোঁজদের সন্ধান, উদ্ধার হওয়া ব্যক্তির চিকিৎসা এবং নিহতদের স্বজনদের সহায়তায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে শুক্রবার স্পেনের উদ্দেশ্যে রওনা হওয়া আরেকটি নৌযান থেকে ১৪২ জন অভিবাসীকে আটক করেছে সেনেগালের কর্তৃপক্ষ।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক রুটটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন পথগুলোর একটি। উন্নত জীবন ও কাজের সন্ধানে প্রতিবছর হাজার হাজার মানুষ প্রায় ৮০০ মাইল দীর্ঘ এই সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এতে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এফ/ডি