ইরানে অস্ত্র ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে নৌ অবরোধের পর এবার স্থলপথেও নতুন সামরিক
অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে 'টাস্ক ফোর্স আয়রন গেট' নামে বিশেষ একটি বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানে প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনীটি পুরোপুরি সক্রিয় রয়েছে।
এর আগে শনিবার (৭ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানায়, নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবে ফ্লোরিডাভিত্তিক ২০ সদস্যের এ বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, এ উদ্যোগের মূল উদ্দেশ্য ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, প্রযুক্তিসামগ্রী ও অবৈধ অর্থ প্রবাহ ঠেকানো।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ব্যর্থ দাবি করে বলেছেন, চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্যিক পথ বন্ধ করার ক্ষমতা ওয়াশিংটনের নেই। সেন্টকমের দাবি অনুযায়ী, নৌ অবরোধের কারণে ইতিমধ্যে ইরানের ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে গেছে।
এইচ/এম