[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

প্রথম পর্যায়ে ১,০৫০ ইউপিতে নির্বাচন, ৬ বছরেই এনআইডি তথ্যভান্ডার তৈরির উদ্যোগ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৬:১৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম পর্যায়ে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

একই সঙ্গে ছয় বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার গড়ে তোলার পরিকল্পনা করছে সংস্থাটি।

 

রোববার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব পরিকল্পনার কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

ইউপি নির্বাচন নিয়ে তিনি জানান, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

এনআইডি নিবন্ধনের বয়সসীমা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে যেসব তথ্য নেওয়া হয়, সেগুলো ব্যবহার করে একটি সমন্বিত ডেটাবেজ তৈরির বিষয়ে আলোচনা চলছে।

 

এদিকে আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, অব্যবহৃত ইভিএমগুলোর চূড়ান্ত হিসাব ও মজুত যাচাইয়ের কাজ শুরু হয়েছে। কী প্রক্রিয়ায় এসব যন্ত্র সরিয়ে ফেলা হবে, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এফ/ডি

সম্পর্কিত খবর