যুক্তরাষ্ট্রের স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি
বংশোদ্ভূত চার মার্কিন রাজনীতিক। ৩ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের চার ভিন্ন অঙ্গরাজ্য থেকে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে তারা জয়লাভ করেন।
বিজয়ী চার বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক:
আবুল খান (নিউ হ্যাম্পশায়ার): রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে নিউ হ্যাম্পশায়ার স্টেটের প্রতিনিধি হিসেবে টানা সপ্তম মেয়াদে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের সন্তান আবুল খান।
শেখ রহমান (জর্জিয়া): জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে পঞ্চম মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান।
মাসুদুর রহমান (কানেকটিকাট): কানেকটিকাট স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৪ থেকে ডেমোক্রেটিক পার্টির ব্যানারে বড় ব্যবধানে জয় পেয়ে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের সন্তান মাসুদুর রহমান।
হাসিব ফাতেমী (নর্থ ক্যারোলাইনা): নর্থ ক্যারোলাইনা স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১৮ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের সন্তান হাসিব ফাতেমী।
এছাড়া, ভার্জিনিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৩৭-এ দায়িত্ব পালন করছেন নোয়াখালীর সন্তান সাদ্দাম আজলান সেলিম, যিনি ২০২৪ সালে নির্বাচিত হন এবং সেখানে আগামী বছর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসী বাংলাদেশিরা এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ব্রঙ্কসের রাজনীতিক শাহজাহান শেখ এবং অধ্যাপক ফাইজুল ইসলামের মতো প্রবাসীরা মনে করছেন, নির্বাচন প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে মার্কিন রাজনীতির এই ফল মূলধারায় নীতিগত পরিবর্তনে প্রভাব ফেলবে।
এইচ/এম