বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ আরও বাড়াতে জাপানের বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক এবং দেশের প্রতি তাদের আস্থার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি বাংলাদেশের পোশাকশিল্পে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনায় প্রযুক্তি হস্তান্তর, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, পণ্যে নতুনত্ব আনা, আধুনিক উৎপাদনব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়া সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু এবং টেকনিক্যাল টেক্সটাইল খাতে বিনিয়োগ বাড়ালে বাংলাদেশের পোশাকশিল্পের পণ্যবৈচিত্র্য ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে ইউনিক্লোকে সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, অনুমোদন গ্রহণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকার সহায়তা দিতে প্রস্তুত।
এসআর