[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ৮:১৪ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত

 হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উইসকনসিনের ডেলোনা শহরে এই দুর্ঘটনা ঘটে।

​অনাদোলুর খবরের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা ৩১ মিনিটের দিকে উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে ডেলোনা শহরের মিরর লেক স্টেট পার্কের কাছে বনাঞ্চলে বিমানটি ভেঙে পড়ে। ওই সময় এলাকায় প্রবল বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ২৪ হাজার ফুট উঁচুতে ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমে যাওয়ার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অনুমতি পাওয়ার পর বিমানটি ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে বাঁক নেওয়ার গতি দ্রুত বেড়ে যায় এবং শেষ পর্যন্ত রাডার ও যোগাযোগের ডেটা বিচ্ছিন্ন হয়ে যায়।

​সৌল কাউন্টি শেরিফ অফিসের বিবৃতি অনুযায়ী, ফিক্সড উইং পাইপার পিএ-৪৬ মডেলের এই বিমানটিতে থাকা পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশু ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

​দুর্ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি বা অন্য কেউ হতাহত হয়নি। স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তারা যৌথভাবে দুর্ঘটনার কারণ ও আবহাওয়ার ভূমিকা খতিয়ে দেখছেন।

এসআর

সম্পর্কিত খবর