ইউরোপের একাধিক দেশে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য বহুল ব্যবহৃত ভিসাগুলোর একটি হলো শেনজেন ভিসা।
শেনজেন ভিসা মূলত শেনজেন এলাকায় স্বল্প সময়ের জন্য অবস্থান ও ভ্রমণের অনুমতি। সাধারণ নিয়মে ১৮০ দিনের সময়সীমার মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেনজেন এলাকায় থাকা যায়। পর্যটন, ব্যবসা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা কিংবা অন্যান্য স্বল্পমেয়াদি কাজের জন্য এ ভিসা ব্যবহার করা হয়।
বর্তমানে শেনজেন এলাকার সদস্য দেশ ২৯টি। এগুলো হলো—অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া।
১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের মধ্যে শেনজেন চুক্তি সই হয়। পরবর্তী সময়ে ১৯৯০ সালের শেনজেন কনভেনশনের মাধ্যমে এ ব্যবস্থার আইনি ও পরিচালন কাঠামো গড়ে ওঠে।
একটি বৈধ শেনজেন ভিসা থাকলে সাধারণত শেনজেনভুক্ত একাধিক দেশে যাওয়া যায়। তবে কোন দেশের কনস্যুলেটে আবেদন করতে হবে, তা নির্ভর করে ভ্রমণসূচির ওপর।
যে দেশে সবচেয়ে বেশি সময় অবস্থানের পরিকল্পনা থাকে, সাধারণত সেই দেশের দূতাবাস বা কনস্যুলেটেই আবেদন করতে হয়। যদি একাধিক দেশে সমান সময় থাকার পরিকল্পনা থাকে, তাহলে যে দেশে প্রথম প্রবেশ করবেন, সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়।
আবেদনকারীর বৈধ বসবাসের দেশের জন্য দায়িত্বপ্রাপ্ত দূতাবাস, কনস্যুলেট অথবা নির্ধারিত ভিসা আবেদনকেন্দ্রে আবেদন জমা দিতে হয়। আবেদন করার আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা ভিসা সেন্টারের সর্বশেষ নির্দেশনা দেখে নেওয়া জরুরি।
সাধারণত শেনজেন ভিসার আবেদনে বৈধ পাসপোর্ট, পূরণ করা আবেদনপত্র, নির্ধারিত মাপের ছবি, ভ্রমণ চিকিৎসা বিমা, থাকার প্রমাণ, ভ্রমণের উদ্দেশ্য এবং ভ্রমণ ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হয়।
আবেদনের ধরন ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী কর্তৃপক্ষ অতিরিক্ত নথি চাইতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট দেশের নির্দিষ্ট নথির তালিকা যাচাই করা উচিত।
পরিকল্পিত ভ্রমণের সর্বোচ্চ ছয় মাস আগে শেনজেন ভিসার আবেদন করা যায়। সাধারণ নিয়মে ভ্রমণের অন্তত ১৫ দিন আগে আবেদন জমা দিতে হয়। তবে সাক্ষাৎকার, অতিরিক্ত কাগজপত্র বা প্রশাসনিক যাচাইয়ের প্রয়োজন হলে আবেদন নিষ্পত্তিতে আরও বেশি সময় লাগতে পারে।
বর্তমান নিয়ম অনুযায়ী প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের সাধারণ শেনজেন ভিসা ফি ৯০ ইউরো। ৬ থেকে ১২ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে ফি ৪৫ ইউরো। ছয় বছরের কম বয়সি শিশুদের সাধারণত ভিসা ফি দিতে হয় না।
তবে নির্ধারিত ভিসা আবেদনকেন্দ্রের মাধ্যমে আবেদন করলে মূল ভিসা ফির বাইরে অতিরিক্ত সেবা মূল্য দিতে হতে পারে।
শেনজেন ভিসা মূলত স্বল্পমেয়াদি অবস্থানের জন্য। সাধারণ নিয়মে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকা যায়। তাই এ ভিসা নিয়ে ৯০ দিনের বেশি অবস্থান করা যায় না।
কাজ, দীর্ঘমেয়াদি পড়াশোনা বা ৯০ দিনের বেশি অবস্থানের প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের জাতীয় ভিসা কিংবা বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হয়।
এসআর