যুক্তরাষ্ট্রের সাথে চলমান সশস্ত্র সংঘাত বন্ধ করা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ
সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে ইরান। সংঘাত বন্ধে মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে মাত্র সাত দিনের একটি সংক্ষিপ্ত ও কার্যকর রোডম্যাপ বা রূপরেখা প্রস্তাব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে গণমাধ্যমকর্মী ও গবেষকদের সাথে মতবিনিময়কালে ইরানের এই কূটনৈতিক প্রস্তাবের বিষয়টি প্রকাশ্যে আনেন আব্বাস আরাগচি।
তিনি জানান, চলতি বছরের জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, মূলত সেটির পূর্ণ বাস্তবায়নের জন্যই এই সাত দিনের সময়সীমার রূপরেখা তৈরি করা হয়েছে। মার্কিন প্রশাসন এই প্রস্তাব গ্রহণ করলে এক সপ্তাহের মধ্যে দুই দেশের সামরিক সংঘাত সম্পূর্ণ স্থগিত হবে এবং বিশ্ব অর্থনৈতিক দিক থেকে স্পর্শকাতর হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে তেহরান এই প্রস্তাবিত পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত রয়েছে। বর্তমানে এই রূপরেখা কার্যকর হওয়া সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ওয়াশিংটন সবুজসংকেত দিলেই দ্রুততম সময়ের মধ্যে চুক্তি বাস্তবায়ন করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসআর