এক সপ্তাহের টানা ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য
কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে তেলের বাজারে এই প্রভাব দেখা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৪ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ১০৫.৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা ০.৮৬ শতাংশ কমে ৯৩.৮০ ডলারে দাঁড়ায়।
এর আগে বৃহস্পতিবার তেলের বাজারে তীব্র অস্থিরতা পরিলক্ষিত হয়। সেদিন লেনদেনের একপর্যায়ে দুই ধরনের তেলের দামই প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। তবে দিনের শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩.৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২.৭ শতাংশ বৃদ্ধিতে গিয়ে থামে।
বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের বাজার ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ মূল্যে লেনদেন শেষ করে। অন্যদিকে, আগের ছয় কার্যদিবসে ডব্লিউটিআইয়ের দাম মোট ১৩ শতাংশ কমেছিল। চলতি সপ্তাহে হিসাব করলে দেখা যায়, ডব্লিউটিআইয়ের দাম ৬.৪২ শতাংশ কমেছে এবং বিপরীতে ব্রেন্ট ক্রুডের দাম ২.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এসআর