মার্কিন মিত্র সৌদি আরবের ওপর ক্রমাগত আক্রমণ বাড়ালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো
সামরিক সংঘাত কিংবা লড়াইয়ে জড়াতে চায় না ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন।
ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট ট্রাম্পের মন্তব্য উদ্ধৃত করে জানান, ওয়াশিংটন হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত না জড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্পের মতে, হুথিরা চাচ্ছে না মার্কিন বাহিনী তাদের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ করুক।
এর আগেও ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প জানিয়েছিলেন, হুথিরা তাদের সঙ্গে সরাসরি কথা বলে লড়াই না করার ইচ্ছা প্রকাশ করেছে।
ট্রাম্প এমন এক সময়ে এ মন্তব্য করলেন, যখন তাঁর প্রধান মিত্র দেশ সৌদি আরব হুথিদের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। সম্প্রতি সৌদির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এর পাশাপাশি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর কাছ থেকেও বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নিয়ে নিয়েছে হুথিরা।
অন্যদিকে, ইরান প্রসঙ্গে ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন বলে জানিয়েছে ফক্স নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো আক্রমণের পর প্রায় সাত মাস ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সাংবাদিক ইয়িংস্টকে ট্রাম্প বলেছেন, "খুব শীঘ্রই বড় কিছু ঘটতে যাচ্ছে"। ইরানিদের আচরণ ভালো হওয়া উচিত উল্লেখ করে, দেশটির বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়া হবে কি না সে বিষয়েও ট্রাম্প ভাবনাচিন্তা করছেন বলে জানা গেছে।
এসআর