[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭ পিএম

সংগৃহীত ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর আগের পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত করা হয়েছে।

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক পরিকল্পনায় ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সূচি নির্ধারণ করা হয়েছিল।

সেই পরিকল্পনায় নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরের বিষয়টিও বিবেচনায় ছিল। পরে সফরসূচি সংক্ষিপ্ত করা হয়।

সরকারি সূত্রগুলো বলছে, এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সীমিতসংখ্যক সফরসঙ্গী থাকবেন। ছোট প্রতিনিধিদল নিয়ে স্বল্প সময়ের এ সফরকে সরকারের ব্যয়সংযমের নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

একই সময়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও আয়োজন করা হচ্ছে।

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে উন্নয়ন, মহামারি মোকাবিলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

রোহিঙ্গা সংকটসহ একাধিক বিষয়ে বাংলাদেশও পৃথক আলোচনা আয়োজন করছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি চলছে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানা গেছে।

 

এসআর

সম্পর্কিত খবর