[email protected] বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি: যুক্তরাজ্যের পর আরও ১১টি দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৩ পিএম

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সেখানে বেআইনি

 বসতি সম্প্রসারণের প্রতিবাদে যুক্তরাজ্যের পর আরও ১১টি দেশ বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাজ্যসহ মোট ১২টি দেশের এই তালিকায় রয়েছে ফ্রান্স, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ড। মূলত মধ্যপ্রাচ্যে 'দ্বি-রাষ্ট্র সমাধান' নীতি সমর্থন করা এবং ফিলিস্তিনিদের ওপর চলমান নির্যাতন বন্ধের লক্ষ্যেই এই সম্মিলিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

​সম্প্রতি ইসরায়েল সরকার 'ই-ওয়ান' নামক বিতর্কিত প্রকল্প পুনরুজ্জীবিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে নতুন ১,২০০টি হাউজিং ইউনিট তৈরির পাশাপাশি পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এর জবাবে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এড মিলিব্যান্ড দেশটির পার্লামেন্টে পশ্চিম তীরের ইহুদি বসতির ওপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দেন। যুক্তরাজ্য সরকারের মতে, সেখানে জাতিগত নিধন চলায় তাদের পণ্য কেনা বা বাণিজ্যিক সুবিধা দেওয়া গ্রহণযোগ্য নয়।

​যুক্তরাজ্যের ঘোষণার পরপরই বাকি দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতির মাধ্যমে একই পদক্ষেপ গ্রহণের কথা জানায়। যৌথ বিবৃতিতে দেশগুলো সতর্ক করে বলেছে, ইসরায়েল নিয়মিত দ্বি-রাষ্ট্র সমাধান নীতিকে পাশ কাটাচ্ছে এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। এরই মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু করেছে এবং ফ্রান্স পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে একই নিষেধাজ্ঞা চালুর কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর