সিঙ্গাপুরে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বেতন ৬০ শতাংশেরও বেশি বাড়ানোর ঘোষণা দেওয়া
হয়েছে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী লরেন্স ওং নতুন এই বেতন কাঠামোর প্রস্তাব প্রকাশ করেন। নতুন কাঠামো অনুযায়ী প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ২২ লাখ সিঙ্গাপুর ডলার থেকে বেড়ে ৩৬ লাখ সিঙ্গাপুর ডলার হতে যাচ্ছে। পাশাপাশি উপপ্রধানমন্ত্রীর বেতন বেড়ে ৩০ লাখ ৬০ হাজার ডলার এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য মন্ত্রীদের বার্ষিক বেতন ১৮ লাখ থেকে ২৮ লাখ ৮০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত পৌঁছাবে। তবে প্রধানমন্ত্রী ওং স্পষ্ট করেছেন, এই মেয়াদে বর্ধিত বেতনের বাড়তি পুরোটাই তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দান করবেন।
মেধাবী ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই উচ্চ বেতন কাঠামোর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রায় ১৫ বছর পর সিঙ্গাপুরে মন্ত্রীদের বেতন কাঠামোতে এই বড় পরিবর্তন আনা হলো। প্রধানমন্ত্রী লরেন্স ওং স্বীকার করেন যে সাধারণ নাগরিকদের আয়ের তুলনায় রাজনৈতিক নেতাদের বেতন অনেক বেশি হওয়ায় এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, তবে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের গুণমান বজায় রাখতে ভালো বেতনের বিকল্প নেই। একটি স্বাধীন কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হলেও আগামী ১৫ অক্টোবর থেকে এককালীন সর্বোচ্চ ৯ শতাংশ সমন্বয়ের মাধ্যমে ধাপভিত্তিক এই নতুন বেতন চালু হবে।
এসআর